চট্টগ্রামের মীরসরাই উপজেলায় টিলা থেকে মাটি কাটার সময় ধসে পড়ে মো. সায়েম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সায়েমের মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতভিটার জমি ভরাটের জন্য ঘরের পাশের একটি টিলা থেকে কয়েকদিন ধরে মাটি কাটছিল সায়েম। বুধবার রাতেও সে একই কাজ করছিল। একপর্যায়ে টিলার একটি বড় অংশ হঠাৎ ধসে পড়লে সায়েম ও তার পাশে থাকা সোহেল রানা নামে আরেক কিশোর মাটির নিচে চাপা পড়ে।
খবর পেয়ে স্থানীয়রা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সায়েম মারা যায়। আহত সোহেল রানা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘রাত ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সায়েমের মৃত্যু হয়।’


