মাদারীপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশলাইন্সে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ সংক্রান্ত এক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলার পুলিশ নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত হবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুষ্ঠু ও সুন্দরভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে তিনি ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে অবহিত করেন। একইসঙ্গে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন।
তিনি আরও উল্লেখ করেন, যারা এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পাবেন, তারা সম্পূর্ণ নিজেদের যোগ্যতায় চাকরি পাবেন। প্রার্থীদের পরিবার যেন কোনো ধরনের প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং জেলাজুড়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে বলে ঘোষণা দেন।
ব্রিফিং প্যারেডে পুলিশ হেডকোয়ার্টার্স মনোনীত প্রতিনিধি, মাদারীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।


