মুক্তি পেয়েছে হইচই অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এর অফিসিয়াল ট্রেইলার। সালেহ সোবহান অনীম পরিচালিত আট পর্বের এই সিরিজটি ২৫ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে স্ট্রিম হবে।
ট্রেইলারে উঠে এসেছে সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের সংগ্রাম, ব্যক্তিগত সংকট এবং এক গোপন সত্য উন্মোচনের রহস্যঘেরা গল্প। পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
গল্পে দেখা যাবে তরুণ সাংবাদিক সামিউল একটি বড় মানি লন্ডারিং চক্রের তথ্য উদঘাটন করলেও তার প্রতিবেদন রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। এরপর সে বুঝতে পারে সত্য প্রকাশের মূল্য অনেক বড়। একদিকে দুর্নীতিগ্রস্ত ডিবি কর্মকর্তাদের তাড়া, অন্যদিকে আত্মগোপনে থাকা অনুসন্ধানী সাংবাদিক জহিরকে নিয়ে শুরু হয় বিপজ্জনক লড়াই। সত্য প্রকাশের পথে তারা জড়িয়ে পড়ে এক মরণঘাতী ইঁদুর-বিড়াল খেলায়।
সিরিজটিতে জহির চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তিনি বলেন, ‘জহির চরিত্রটির দারুণ একটি গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। এমন বহুস্তরীয় চরিত্র একজন অভিনেতা হিসেবে আমাকে আকৃষ্ট করেছে।’ তিনি আরও জানান, গল্পের রহস্য, গতি ও সমসাময়িক প্রেক্ষাপট তাকে কাজটি করতে অনুপ্রাণিত করেছে।
তিন বছর পর ওটিটিতে ফিরেছেন আফসান আরা বিন্দু। সিরিজটিতে তার চরিত্রের নাম আইরিন। অন্যদিকে সামিউল চরিত্রে অভিনয় করা ইয়াশ রোহান বলেন, ‘এই চরিত্রটির জন্য আমি যেন পুরো ক্যারিয়ারজুড়েই অপেক্ষা করেছি। অভিনয়ের সময় আমি ইয়াশ ছিলাম না, হয়ে উঠেছিলাম সামিউল।’
দোলন চরিত্রে অভিনয় করা সারিকা সাবরিনের মতে, ট্রেইলার দেখার পর দর্শকের প্রত্যাশা আরও বেড়েছে, তবে মূল চমক রয়েছে পুরো সিরিজজুড়ে।
‘হেডলাইন’-এ আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, ফারহানা হামিদ, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতুসহ অনেকে।


