নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আবুল খায়েরকে(৩৫) গ্রেপ্তার করেছে সুবর্ণচর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী মাইজদী শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল খায়ের সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগী চরব্যাগ্যা দারুল আরকাম ইসলামীয় মাদ্রাসার হাফেজ বিভাগের শিক্ষার্থী।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবা মোহাম্মদ রহিম তার মেয়ের শ্লীলতাহানির অভিযোগ আনলে, গত ১৬ এপ্রিল দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ২২ ধারায় জবানবন্দী দেয় ওই শিক্ষার্থী। পরে আদালত তার জবানবন্দীর ভিত্তিতে থানায় মামলা অন্তর্ভুক্তির নির্দেশ দেয় পুলিশকে।
পরবর্তীতে মামলা করাকে কেন্দ্র করে ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগীর মা সুবর্ণচর থানায় আরেকটি মামলা করেন।
প্রায় ৫ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, লাঠিসোটা নিয়ে একদল ব্যক্তি ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে হামলা চালাচ্ছে। এ সময় হামলাকারীরা মামলাটি তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে হুমকি দেয়।
এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘সুবর্ণচরের ওই শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে মামলা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি মাদ্রাসা শিক্ষক আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আসামিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় বলেও জানান তিনি।


