ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দেশব্যাপী প্রস্তুতি জোরদার করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে বাহিনীর উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
দায়িত্ব পালনের ক্ষেত্রে পারস্পরিক সংযোগ ও ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, মৌলিক প্রশিক্ষণের আলোকে ঐক্য, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনই একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রধান ভিত্তি। যেকোনো ধরনের অনিয়ম ও আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত শক্তি প্রয়োগ করে পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশটি একই সময়ে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে রাজশাহী, নওগাঁ ও ময়মনসিংহ জেলায় সরাসরি সম্প্রচার করা হয়। এসব জেলার দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যরাও একযোগে মহাপরিচালকের দিকনির্দেশনা গ্রহণ করেন। এই সমন্বিত আয়োজন দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানান।
আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ধারাবাহিক এই প্রস্তুতিমূলক সমাবেশের মূল উদ্দেশ্য হলো দায়িত্ব পালনকারী সদস্যদের মধ্যে যোগাযোগ, ঐক্য ও সচেতনতা আরও জোরদার করা। জাতীয় নির্বাচনের মতো সংবেদনশীল দায়িত্ব চ্যালেঞ্জিং হলেও সম্মিলিত প্রস্তুতি ও দায়িত্ববোধ সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার ও ভিডিপি সদস্যের সম্মিলিত শক্তিই অনিয়ম ও আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে।
১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, রাষ্ট্রসেবার মানসিকতায় গড়ে ওঠা এই বাহিনীর প্রতিটি সদস্যের দিকে আজ দেশের মানুষ প্রত্যাশাভরে তাকিয়ে আছে। জনগণের আকাঙ্ক্ষা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখবে।
ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত সরঞ্জামাদির সুরক্ষা, নির্ধারিত পোশাক-পরিচ্ছদ, খাদ্য ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। প্রতিটি সদস্যকে বাহিনীর একজন যোগ্য প্রতিনিধি হিসেবে নিজেকে উপস্থাপনের আহ্বান জানিয়ে বলেন, এতে জনগণের কাছে আনসার ও ভিডিপির গ্রহণযোগ্যতা আরও বাড়বে।
মহাপরিচালক আরও বলেন, অপশক্তির প্রভাবমুক্ত রেখে জাতিকে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া শুধু দায়িত্ব নয়, এটি একটি রাষ্ট্রীয় আমানত। জন্মভূমির প্রতি দায়বদ্ধতা ও জনগণের আস্থার প্রতীক হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই দায়িত্ব পালনে অটল থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


