নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৫) নামে এক জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১১টায় আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ি সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাহিন আইয়ুবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ১১টায় মাহিন নিজ বাড়ির সামনের রাস্তায় বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মুখ ঢাকা চার থেকে পাঁচজন দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়। তারা টর্চ লাইটের আলো জ্বালিয়ে মাহিনকে লক্ষ্য করে প্রথম দফায় গুলি ছোড়ে। গুলিটি মাহিনের পায়ে লাগলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তারা পুনরায় গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শাইখুল আরেফিন শিহাব বলেন, ‘আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কয়েকজন সিএনজিতে করে এসে গুলি করে আবার দ্রুত চলে যায়। তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।’
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মাহিনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. হাসান আল মুলক জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম এই হামলাকে রাজনৈতিক প্রতিহিংসা উল্লেখ করে বলেন, ‘অজ্ঞাত কয়েকজন সিএনজিযোগে আমাদের কর্মী মাহিনকে গুলি করে পালিয়েছে। আমরা ধারণা করছি এটি পরিকল্পিত হামলা।’
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।


