সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অ্যাফিডেভিট সেকশন আগামী শনিবার খোলা রাখার নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। অ্যাফিডেভিট সেকশনে কর্মরত সংশ্লিষ্ট সকলকে উল্লিখিত তারিখে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্টের ১৫ হাজার আইনজীবীর পক্ষে আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন প্রতি শনিবার অ্যাফিডেভিট সেকশন খোলা রাখার আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে শুধু আগামী শনিবার অ্যাফিডেভিট সেকশন খোলা রাখার নির্দেশনা দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।
প্রধান বিচারপতির কাছে আবেদনে বলা হয়, সেকশনে দীর্ঘ লাইন, কর্ম দিবসে অ্যাফিডেভিটে প্রায় সারা দিন সময় লেগে যায়। যার ফলে আইনজীবীরা সময়মত মামলা জমা দিতে পারেন না। ফলে বিচারপ্রার্থীরা যথাসময়ে ন্যায়বিচার পাচ্ছে না।
প্রতি শনিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অ্যাফিডেভিট সেকশন খোলা রাখলে আইনজীবীরা উপকৃত হবেন এবং সেই সঙ্গে অ্যাফিডেভিট সেকশনের ওপর চাপও কম সৃষ্টি হবে।
উল্লেখ্য, এর আগেও শনিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অ্যাফিডেভিট সেকশন খোলা ছিল, পরে তা বন্ধ রাখা হয়।


