চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মো. মেহেরাজ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মেহেরাজ চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ী এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম এমইএস কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরাজ ও তার বন্ধু মো. সাব্বির বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে যান। একপর্যায়ে মেহেরাজ পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে সাব্বিরও সাগরে ঝাঁপ দেন। তখন সাগরে জোয়ার ও উত্তাল ঢেউ থাকায় দুজনই ভেসে যেতে থাকেন।
এ সময় সৈকতের কাছাকাছি থাকা স্থানীয়রা একটি নৌকার সাহায্যে উদ্ধার তৎপরতা চালান। সাব্বিরকে জীবিত উদ্ধার করা হলেও মেহেরাজকে আর তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি।
প্রায় এক ঘণ্টা পর তার দেহ খুঁজে পাওয়ার পর সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, সাঁতার না জানার কারণে মেহেরাজ পানিতে ডুবে যান। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।’


