রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানসহ চারজনের জামিন নামঞ্জুর করেছে আদালত।
সোমবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করার এ আদেশ দেয়। জামিন নামঞ্জুর হওয়া অপর তিনজন হলেন মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০) এবং শফিকুল ইসলাম দেলোয়ার।
এদিন শহীদ খানের আইনজীবী কামরুল হোসেনসহ আসামিদের আইনজীবীরা পৃথকভাবে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, ৭ সেপ্টেম্বর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানী থেকে শহীদ খানকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির উদ্দেশে ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এই সংগঠনটি বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের অর্জন রক্ষার জন্য আত্মত্যাগের প্রস্তুতি গ্রহণের উদ্দেশে গঠিত। প্রস্তুতির অংশ হিসেবে ২৮ আগস্ট সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
সভার শুরুতেই এক দল ব্যক্তি হট্টগোল করে স্লোগান দিতে দিতে সভাস্থলে ঢুকে পড়েন এবং অনুষ্ঠানের দরজা বন্ধ করে দেন। তারা উপস্থিত কয়েকজনকে লাঞ্ছিত করে এবং গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলেন। এই সময় অতিথিদের অনেককে বের করে দেওয়া হলেও আব্দুল লতিফ সিদ্দিকী এবং শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে এবং শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন উপপরিদর্শক আমিরুল ইসলাম।


