দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে ভিয়াইল ইউনিয়নের দল্লা বানিয়াখাড়ী গ্রাম সংলগ্ন আত্রাই নদীর বানিয়াখাড়ী ঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে লক্ষীতলা ব্রিজের দক্ষিণ পাশে আত্রাই নদীর মাঝখানে দুটি মরদেহ ভাসতে দেখে গ্রাম পুলিশ মো. আনারুল ইসলাম চিরিরবন্দর থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মৃতদের বয়স আনুমানিক ২৪ থেকে ২৮ বছরের মধ্যে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় কেউ তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।
চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানানো হয়েছে।
এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহমুদুন-নবী জানান, মরদেহ দুটি উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোসহ এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


