বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের আকস্মিক বিদায়ের পরপরই পাঁচ কর্মকর্তাকে বদলির পর এবার দুই কর্মকর্তার বিদেশ সফর বাতিল করা হয়েছে। শেষ মুহূর্তে জারি করা এক অফিস আদেশে অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম এবং পরিচালক লিজা ফাহমিদাকে সিঙ্গাপুরে সরকারি প্রশিক্ষণ সফর থেকে বাদ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নথিপত্র অনুযায়ী, ‘স্ট্র্যাটেজিক থিংকিং অ্যান্ড ডিসিশন মেকিং ফর সেন্ট্রাল ব্যাংক লিডার্স’ শীর্ষক একটি কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় ব্যাংকের ৯ সদস্যের একটি দল ৯ থেকে ১১ মার্চ সিঙ্গাপুর সফরে যাওয়ার অনুমোদন পেয়েছিল। গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ এই সফরের অনুমোদন দেয়।
ওই তালিকায় ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা এবং সাবেক গভর্নরের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) ও অতিরিক্ত পরিচালক কামরুল ইসলামের নামও ছিল।
কিন্তু সফরের মাত্র একদিন আগে গত ৮ মার্চ নতুন এক অফিস আদেশ জারি করে এই দুই কর্মকর্তার নাম প্রত্যাহার করা হয়। মানবসম্পদ বিভাগ-২ এর পরিচালক নাসিমা সুলতানার স্বাক্ষরে জারি করা ওই আদেশে তাদের বিদেশ সফরে অংশগ্রহণ স্থগিতের নির্দেশ দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক গভর্নরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় এই দুই কর্মকর্তাকে শেষ মুহূর্তে সফর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একই সূত্রের দাবি, সফরের মূল কর্মসূচির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও অতিরিক্ত পরিচালক কামরুল ইসলামের নাম দলভুক্ত করা হয়েছিল।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হলে একই দিন দ্রুত প্রশাসনিক আদেশে কামরুলকে গভর্নর শাখা থেকে সরিয়ে সদরঘাট কার্যালয়ে বদলি করা হয়। এরপরই বিদেশ সফরের তালিকা থেকেও তার নাম বাদ দেওয়া হয়।
জানা গেছে, সফরের বাকি সদস্যরা ইতোমধ্যে সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং নির্ধারিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন।


