সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাতে এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
এর আগে, শুক্রবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা শেষে সমতা বিরাজ করলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলের ব্যবধানে ভারতকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা জয়ের গৌরব অর্জন করল বাংলাদেশ। তরুণ খেলোয়াড়দের এই অসাধারণ সাফল্যে দেশজুড়ে আনন্দের বন্যা বইছে।
প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে।


