সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, এসব ডলার ভারতে পাচার করা হচ্ছিল।
বুধবার রাতে কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের তেতুলতলা নামক স্থান থেকে এসব ডলার জব্দ করা হয়।
সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে একদল চোরাকারবারী ভারতে ডলারের একটি বড় চালান পাচার করার চেষ্টা করছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে মাদরা বিওপির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের ভেতরে তেতুলতলা থেকে ভারতের দিকে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করা হয়। ধাওয়া খেয়ে সে তার হাতের পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।
ওই ব্যাগ থেকে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়। বাংলাদেশি মুদ্রায় যান মান ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, উদ্ধার করা এসব ডলার বৃহস্পতিবার আদালতের আদেশ অনুযায়ী আইনি কার্যক্রম শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হবে।


