নোয়াখালীর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্বর্ণালংকার, পরীক্ষার প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে পরীক্ষা দিতে পারেননি দুই শিক্ষার্থী। অচেতন অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে নির্ধারিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারান তারা।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী শহরের মেহরান ডাইন রেস্তোরাঁর সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন জান্নাতুল নাঈমা (১৯) ও প্রাহিমা আক্তার শশী (১৯)। তারা নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল সোনাপুর কলেজ।
পরিবারের সদস্যরা জানান, নাঈমা ও প্রাহিমা একই এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ বান্ধবী। সকালে তারা সোনাপুর কলেজে পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে সোনাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি মেহরান ডাইন রেস্তোরাঁর সামনে পৌঁছালে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাদের অচেতন করে ফেলে।
এরপর দুর্বৃত্তরা তাদের শরীরে থাকা স্বর্ণালংকার এবং সঙ্গে থাকা পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। পরে সিএনজিচালক দুই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় রেখে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকায় তারা নির্ধারিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পরীক্ষার্থীদের স্বজনরা এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে বিষয়টি জানাননি। তবে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


