আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার রাতে ১৬ সদস্যের ঘোষিত এই ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন সাইফ হাসান। চার বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা এই ডানহাতি ব্যাটার সম্প্রতি খেলেছেন এশিয়া কাপে, বর্তমানে ব্যস্ত আছেন আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।
মূলত শ্রীলংকার বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে খুব একটা বদল আসেনি এবার। সাইড স্ট্রেইনের চোটে ছিটকে গেছেন লিটন দাস, বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতেই আছেন। দলের সাথে যোগ দিতে শুক্রবার রাতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ-সহ নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে।
ভিসা জটিলতায় দলে থেকেও খেলতে যাওয়া হয়নি সৌম্য সরকারের। একই সমস্যায় ভুগছেন নাঈম শেখ। আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।
বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা।


