রাষ্ট্রায়ত্ত্ব ৯টি ব্যাংকে গত ৩১ মে পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা। রোববার সংসদ অধিবেশনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের উত্তরে এ তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো হচ্ছে অগ্রণী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক।
সংসদ অধিবেশনের প্রশ্নাত্তর পর্বে অর্থমন্ত্রী আরও জানান, ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমিয়ে আনার লক্ষ্যে স্বল্পমেয়াদী, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদ্যমান ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন হালনাগাদ করার পাশাপাশি ঋণ আদায়ের জন্য কর্মকর্তাদের উৎসাহিত করতে বিশেষ ভাতা প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে সংস্কার করা হচ্ছে সংশ্লিষ্ট আইন-কানুন।
এছাড়া আমানতকারীদের স্বার্থ সুরক্ষা ও ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা সুদৃঢ় করতে ‘আমানত সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী।


