বলপূর্বক বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার সচিবালয়ে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন এবং বিশ্ব খাদ্য কর্মসূচির একটি যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠককালে মন্ত্রী এ সহযোগিতার কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনা করা, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নয়নে রোহিঙ্গাদের জন্য একটি টেকসই সমাধান নিশ্চিত করার পরিকল্পনায় এ মিশন পরিচালিত হচ্ছে।
ইউএনএইচসিআর-এর ডেপুটি হাইকমিশনার কেলি টি ক্লেমেন্টস এবং ডব্লিউএফপির সহকারী নির্বাহী পরিচালক রানিয়া ড্যাগাস-কামারা এই মিশনের যৌথ নেতৃত্ব দেন।
অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও উচ্চপদস্থ দাতা প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।


