আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। আট দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হচ্ছে প্রস্তুতি। কিন্তু বরিশালের বিভাগীয় দলে বেশ টালমাটাল অবস্থা বিভিন্ন ইস্যুতে। অবশ্য আচমকা অধিনায়ক বদল, স্বজনপ্রীতি, সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্বের খবরে সমালোচিত এই দলের কোচ হচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আশরাফুল নিজেই আগ্রহ প্রকাশ করেছেন আসন্ন এনসিএলে বরিশাল দলের কোচের দায়িত্ব নিতে। খেলোয়াড়ি জীবন শেষ করার আগেই কোচিং কোর্স করেছেন আশরাফুল। লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছেন তিনি। শুরুটা একাডেমি থেকে হলেও কাজ করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে। একই ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করেছেন গ্লোবাল সুপার লিগেও।
আশরাফুলের এই অভিজ্ঞতার ওপর ভরসা করেই এনসিএলে কোচ হিসেবে তাকে ভরসা করছেন আকরামরা। বিসিবি কার্যালয়ে এনসিএল টি-টোয়েন্টির সমন্বয় সভা শেষে আকরাম বলেন, ‘বরিশাল দলকে নিয়ে আমরা সিরিয়াসলি চিন্তা করেছি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের সেরা ক্রিকেটারদের একজন, আশরাফুল। ওকে আমরা কোচ হিসেবে দিচ্ছি। সে নিজেও ওই আগ্রহ দেখিয়েছে। সে বলেছে কোচ হতে চায়। যেহেতু সে বরিশালে দুই বছর খেলেছে, তাকে আমরা সেখানে কোচ হিসেবে প্ল্যান করেছি।’
কেবল আশরাফুলই নন, তার মতো সাবেক ক্রিকেটারদেরও ঘরোয়া সার্কিটের কোচিংয়ে যুক্ত করার পরিকল্পনা আছে বিসিবির। আকরাম খান বললেন পরিচিত বেশ কজন ক্রিকেটারের নাম, ‘তার সাথে বাংলাদেশের হয়ে খেলেছে…সেলিম আছে, রোকন আছে, আফতাব আছে ওদের সাথেও আমরা আলাপ আলোচনা করব। ওরা যদি ফ্রি থাকে, আগ্রহী থাকে…ছোট ছোট যে টুর্নামেন্টগুলো হচ্ছে, ন্যাশনাল লিগ হচ্ছে, এখানে ইনভলভ করব। এদের থেকে আমাদের ক্রিকেটাররা উপকৃত হবে।’


