‘সুস্থ বাবা, নিরাপদ পরিবার’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বাবা দিবস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী গল্প লেখার ডিজিটাল ক্যাম্পেইন ‘বাবার যত্নে’-এর নির্বাচিত বিজয়ী সন্তান ও তাদের বাবাদের সংবর্ধনা দিয়েছে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।
সোমবার দুপুরে হাসপাতাল ভবনের মিটিং রুমে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ী ও তাদের অভিভাবকদের সংবর্ধিত করা হয়।
ক্যাম্পেইনে বাবার প্রতি অফুরন্ত ভালোবাসা, স্মৃতি ও আবেগঘন অনুভূতি প্রকাশ করে জমা পড়া অসংখ্য লেখার মধ্য থেকে বাছাই করে পাঁচজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। বিজয়ী পাঁচজন হলেন সুমাইয়া জাহান, লাকী আক্তার সীমা, তাইয়্যেবা তাসবিন লামিয়া, ফারিহা রিদিলা এবং কাজী মিলহা।
অনুষ্ঠানে বিজয়ী সন্তান ও তাদের সম্মানিত বাবাদের হাতে বিশেষ উপহার সামগ্রীর পাশাপাশি তুলে দেওয়া হয় একটি করে পূর্ণাঙ্গ ‘ফ্রি হেলথ চেকআপ প্যাকেজ’। একই সঙ্গে বাবাদের দেওয়া হয় বিশেষ ‘হেলথ কার্ড’, যার মাধ্যমে তারা ও তাদের পরিবার ভবিষ্যতে এই হাসপাতালে যেকোনো চিকিৎসা নিতে বিশেষ ছাড় ও অগ্রাধিকার পাবেন।
অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট অনুকাব্য লেখক, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদের সাবেক সভাপতি ও ‘দৈনিক আগামীর সময়’-এর ডিরেক্টর (ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার) সাইদুজ্জামান রওশন।
সার্বিক বিষয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও আয়োজনের প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং প্রবীণ ও বাবাদের সুস্বাস্থ্য সুরক্ষায় এমন মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে হাসপাতালের হেড অব করপোরেট নীতা চক্রবর্ত্তীসহ জ্যেষ্ঠ চিকিৎসক ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘদিন ধরে বিশ্ব মা দিবসে ‘গরবিনী মা সম্মাননা’, এমবিবিএস ফাইনাল পরীক্ষায় মেধা স্থান লাভ করা চিকিৎসকদের ‘টপ টেন জিনিয়াস ইন্টার্ন ডক্টরস সম্মাননা’ এবং বিভিন্ন বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করে আসছে।


