দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। সোমবার সকাল ৬টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এতে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, ‘এখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শীত মৌসুম শেষ পর্যায়ে থাকলেও তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।’
তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা-বাগানের শ্রমজীবী মানুষরা। এ ছাড়া শিশু ও বয়স্করাও আছেন ভোগান্তিতে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও বেড়েছে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


