দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া নতুন করে আরও ৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে এ পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৪৮ জনে।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একমাত্র মৃত্যুর ঘটনাটি ঘটেছে খুলনা বিভাগে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৮৬৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৭৫৩ জন।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪০৪ জন ঢাকা বিভাগে। এরপর খুলনায় ১৫৩ জন, বরিশালে ১০২ জন এবং চট্টগ্রামে ৯০ জন ভর্তি হয়েছেন। ময়মনসিংহে ৫১ জন, রাজশাহীতে ৫৭ জন এবং রংপুরে ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সিলেটে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
খুলনা বিভাগে চলতি বছর ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকায় ৩৩ জন, চট্টগ্রামে পাঁচজন, বরিশালে আটজন, রাজশাহীতে একজন, রংপুরে একজন এবং সিলেটে একজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে মারা গেছেন ছয়জন।
ঢাকা শহরেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ২২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১৬৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৫৮ জন ভর্তি হয়েছেন।
ঢাকা শহরের বাইরে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে একই সময়ে ৬৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ২৪ হাজার ৮৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬১ দশমিক ৭ শতাংশ এবং নারী ৩৮ দশমিক ৩ শতাংশ।
তরুণ ও প্রাপ্তবয়স্করা ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্তদের মধ্যে রয়েছেন। ২১ থেকে ২৫ বছর বয়সী রোগীর সংখ্যা সর্বোচ্চ ৩ হাজার ৪৯৬ জন। এরপর ২৬ থেকে ৩০ বছর বয়সী ৩ হাজার ৪৮৬ জন এবং ১৬ থেকে ২০ বছর বয়সী ৩ হাজার ৩১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
মাসভিত্তিক তথ্যেও বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ার চিত্র দেখা গেছে। মে মাসে ২ হাজার ৯০৭ জন আক্রান্ত হওয়ার পর জুনে তা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২০৬ জনে এবং জুলাইয়ে ৯ হাজার ৫৩৮ জনে। ১৭ আগস্ট পর্যন্ত চলতি মাসে ইতোমধ্যে ১ হাজার ৮১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।


