পাকিস্তানের ট্যাক্সিলায় চলন্ত গাড়িতে অতর্কিত গুলি চালিয়ে শামসু বিবি নামে এক জনপ্রিয় টিকটক তারকাকে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। এই হামলায় তার ১৫ বছর বয়সী ছোট বোন আসিমা গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার ‘আরব নিউজ’-এর প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়েশা গিলামানা’ নামে পরিচিত ছিলেন নিহত শামসু বিবি। তার প্রায় ১৩ লাখ অনুসারী (ফলোয়ার) ছিল।
নিহতের বাবা ফজল সাহিবজাদা থানায় করা অভিযোগে জানান, ঘটনার আগে ‘কাশিফ ওরফে কাশি’ নামের এক ব্যক্তি তার মেয়েকে ফোন করে দ্রুত বাড়ির বাইরে আসতে বলেন। এরপর শামসু তার বোন আসিমা ও ভাই নাইমাতুল্লাহকে নিয়ে গাড়িতে করে বের হন।
নাইমাতুল্লাহর ভাষ্য অনুযায়ী, পথিমধ্যে একটি পেট্রল পাম্পের কাছে মোটরসাইকেলে আসা দুই সশস্ত্র ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। একটি গুলি শামসুর ঘাড়ে লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওই সময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে তার ছোট বোন আসিমা মারাত্মক আহত হয়।
নিহতের স্বজনদের দাবি, শামসুর সঙ্গে কওসার ও জাভেদ ওরফে শাহিন নামের দুই ব্যক্তির দীর্ঘদিনের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। টাকা ফেরত দেওয়ার নামে তারা শামসুকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন, যা নিয়ে পূর্বে ইসলামাবাদে একটি লিখিত অভিযোগও করা হয়েছিল।
শামসুর বাবার সন্দেহ, ওই দুই ব্যক্তি নিজেরা অথবা ভাড়াটে খুনিদের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। পাশাপাশি ফোন করে ডেকে নেওয়া কাশিফের ভূমিকা নিয়েও তিনি গভীর সন্দেহ প্রকাশ করেছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত শামসুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টিএইচকিউ হাসপাতাল ট্যাক্সিলা মর্গে রাখা হয়েছে। ঘটনার পর নিহতের পরিবার তার টিকটক অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে।
সশস্ত্র হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম শুরু করেছে।


