স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমরা ছয় মাসের টিকা মজুত রাখার সিদ্ধান্ত নিয়েছি, যাতে ভবিষ্যতে টিকার সংকটে পড়তে না হয়।’
সোমবার বাড্ডায় লাইট ফেয়ার স্কুলে টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, আজ থেকে সারা দেশে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে।
তার ভাষায়, ‘এই টিকাদান কর্মসূচি বন্ধ হবে না। আমরা সারা বছর এটি চালিয়ে যাব।’ তিনি বলেন, ‘আজ আমাদের সরকারের ৬৫ দিন। আমরা সরকার শুরু করেছি টিকার শূন্য মজুত নিয়ে।’
তিনি বলেন, ‘২০২০ সালের ডিসেম্বরের পর দেশে কোনো ভ্যাকসিনেশন প্রোগ্রাম ছিল না। এজন্য বড় একটি জনগোষ্ঠী টিকাবঞ্চিত রয়ে গেছে। সেই পরিস্থিতির কারণেই এখন আমাদের শিশুদের মধ্যে হামের আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে।’
মন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও অন্যান্য অংশীদারদের সহযোগিতায় সরকার দ্রুত টিকা ও ভিটামিন ‘এ’ সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতায় আমরা খুব দ্রুত টিকা ও ভিটামিন ‘এ’ এর শক্তিশালী মজুত গড়ে তুলতে পেরেছি।’
তিনি আরও জানান, ডব্লিউএইচও ও ইউনিসেফের পরামর্শে চলতি মাসের ৫ তারিখ থেকে প্রথম ধাপে ১৮ জেলা ও ৩০ উপজেলায় টিকাদান শুরু হয়। পরে ১২ তারিখ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশন ও বরিশাল সিটি করপোরেশনেও কর্মসূচি সম্প্রসারণ করা হয়।
এ সময় তিনি ইউনিসেফ, গাভি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্র এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।


