ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে বিপর্যস্ত শ্রীলঙ্কায় জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ।
আবহাওয়া অনুকূলে থাকলে আগামী বুধবার এ ত্রাণ মিশন পাঠানো হবে বলে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিশেষ বিমানে এসব ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানো হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ এবং এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড যৌথভাবে এই ত্রাণ কার্যক্রম সমন্বয় করছে।
সম্প্রতি, ঘূর্ণিঝড় দিতওয়া’র প্রভাবে শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৫৫ জন মারা গেছেন এবং কমপক্ষে ৩৬৬ জন নিখোঁজ রয়েছেন।
এ ছাড়া ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা সরকার জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত সহায়তাও চেয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতেও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য যেকোনো মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশ সরকার দ্রুত সাড়া দিয়ে মানবিক সহায়তা পাঠিয়েছে।


