গত মৌসুমের শিরোপাধারী হিসেবে মাঠে নেমেছিল নাসরিন স্পোর্টস একাডেমি। কিন্তু মাঠের ফুটবলে চ্যাম্পিয়ন সুলভ সেই দাপটের লেশমাত্র খুঁজে পাওয়া গেল না। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ শুরু হওয়া নারী ফুটবল লিগের প্রথম দিনেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখল দলটি। বিকেএসপির কিশোরীদের গতির কাছে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গিয়ে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হার মেনেছে গতবারের চ্যাম্পিয়নরা।
ফেডারেশন এবার ১১টি দল নিয়ে লিগ আয়োজন করে তৃপ্তির ঢেকুর তুললেও, উদ্বোধনী দিনের গোল উৎসবই বলে দিচ্ছে দলগুলোর মধ্যে শক্তির পার্থক্য কতটা প্রকট। মাঠের লড়াইয়ে গুটিকয়েক দল বাদে বাকিদের মাঝে প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও দেখা যায়নি।
নাসরিন একাডেমির এমন পরিণতির নেপথ্যে রয়েছে তাদের দলবদলের দৈন্যদশা। গত মৌসুমে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা কিংবা কৃষ্ণা রানীদের মতো দেশের সেরা তারকাদের নিয়ে তারা শিরোপা জিতলেও, এবার তাদের স্কোয়াডে জাতীয় দলের কোনো খেলোয়াড়ই নেই। অথচ কদিন আগেই সাফ নারী ক্লাব টুর্নামেন্টের জন্য দেশের সব সেরা খেলোয়াড়দের নেওয়ার দৌড়ঝাঁপ দেখা গিয়েছিল এই ক্লাবটির কর্তাদের মধ্যে। তারকাহীন সেই দল নিয়ে আজ বিকেএসপির সামনে দাঁড়াতেই পারেনি তারা।
এর আগে দিনের প্রথম ম্যাচেও দেখা গেছে বড় অঘটন। পুলিশ এফসি ০-২ গোলে হেরেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনীর পক্ষে জয়ের নায়ক তনিমা বিশ্বাস, যার পা থেকে এসেছে জোড়া গোল। অভিজ্ঞ পুলিশ এফসিকে হারিয়ে লিগের শুরুটা দারুণভাবে রাঙাল সেনাবাহিনী।


