দলীয় নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হাজার ৫৮২ জন।
কোথাও কোথাও মনোনয়নপত্র জমা দিতে নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে দলবল নিয়ে মিছিল নিয়ে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেছেন কোনো কোনো প্রার্থী। তবে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ডিসেম্বরের ৩০ তারিখ থেকে নতুন বছরের ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি।
নির্বাচনের জন্য উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেও নির্বাচন করছেন না মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুজনই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, কিন্তু জমা দেননি।
শেষ দিনের চমক হিসাবে আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। এই দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। অন্যদিকে, মাহফুজ আলম কোনো দলেই যোগ দেননি।
এছাড়া দলীয় মনোনয়ন পেয়েও শেষ মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করা তাসনীম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি রাজধানীর খিলগাঁয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। তিনি নির্বাচন করবেন ঢাকা-৯ আসনে।
বড় দলের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দিনাজপুর-৩ আসনে রোববারই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সোমবার বগুড়া-৭ আসনে তার পক্ষে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।
এ ছাড়া ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু। খালেদা জিয়ার অসুস্থতার কারণে তিনটি আসনেই জমা দেওয়া মনোনয়নপত্রে তার স্বাক্ষরের বদলে টিপসই নেওয়া হয়েছে।
রাজধানীতে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার প্রধান নির্বাচন সমন্বয়ক আবদুস সালাম। সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম এসময় তার সঙ্গে ছিলেন। অবশ্য আমিনুল ইসলাম নিজেও ঢাকা-১৬ আসনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার স্বশরীরে ঠাকুরগাঁয়ের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়নপত্র জমা দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঠাকুরগাঁয়ের উন্নয়নই তার মূল লক্ষ্য। নির্বাচিত হতে পারলে তিনি ঠাকুরগাঁয়ের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবেন।
বিএনপির অন্য প্রায় সব নেতাই নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসারের কাছে স্বশরীরে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আগারগাঁও-এ ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও দুটি আসনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।


