দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো ও ব্যবসাবান্ধব পরিবেশ সহজ করতে বিডা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সম্প্রসারণের অংশ হিসেবে পাঁচটি বেসরকারি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
রোববার ঢাকায় বিডার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মো. শাহারুল হুদা।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের দ্রুত, সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করতে বিডা ধারাবাহিকভাবে ওএসএস প্ল্যাটফর্মকে শক্তিশালী করছে। এ ধারাবাহিকতায় পাঁচটি শীর্ষস্থানীয় ব্যাংককে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা হলো, যাতে বিনিয়োগকারীরা এক জায়গা থেকেই প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পেতে পারেন।’
চুক্তিবদ্ধ ব্যাংকগুলো হলো ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), সীমান্ত ব্যাংক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক। এই সমঝোতার ফলে এখন থেকে বিনিয়োগকারীরা ওএসএস পোর্টালের মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব খোলা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী ব্যাংক হিসাব খোলার মতো গুরুত্বপূর্ণ সেবা নিতে পারবেন।
বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে ১৪২টি সেবা চালু রয়েছে। এ ব্যবস্থার সঙ্গে বিডাসহ ৪৭টি স্টেকহোল্ডার প্রতিষ্ঠান যুক্ত আছে এবং এখন পর্যন্ত দুই লাখ ১৫ হাজারের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। নতুন পাঁচটি ব্যাংক যুক্ত হওয়ায় সেবার পরিধি আরও বাড়বে। উল্লেখ্য, বিভিন্ন সংস্থার সঙ্গে এখন পর্যন্ত বিডা মোট ৬৮টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
ভবিষ্যতে বিডা ওএসএসের মাধ্যমে ৬০ প্রতিষ্ঠানের ১৫০ এর বেশি সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পাশাপাশি সব আইপিএগুলোর সমন্বিত সিঙ্গেল প্ল্যাটফর্ম ‘BanglaBiz’ -এর মাধ্যমে সেবাগুলো পাওয়া যাবে।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিডার পরিচালক সুনীল কুমার অধিকারী। ওএসএস সিস্টেমের ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়।
অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মো. শহীদুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শামসুল আরেফিন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী জিয়াউল ইসলাম বক্তব্য রাখেন।


