ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ চারজনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানির দিন পুনর্নির্ধারণ করা হয়েছে।
জয়সহ সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ৭ জানুয়ারি এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ২২ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি হবে।
বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দিয়েছে।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ সময় জয় পলাতক থাকায় তার পক্ষে মামলা লড়তে রাষ্ট্রীয় খরচে একজনকে আইনজীবী নিয়োগ করা হয়েছে।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সালমান ও আনিসুলের পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, পলকের পক্ষে ছিলেন লিটন আহমেদ।
এর আগে ১০ ডিসেম্বর একই বিচারপতির নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ গঠনের শুনানি বুধবার হওয়ার কথা ছিল।
গত ৪ ডিসেম্বর জয় ও পলক এবং সালমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সেদিন জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। গ্রেপ্তার বাকি তিন আসামিকে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ট্রাইব্যুনালে জয় ও পলকের মামলা একসঙ্গে চলছে। তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। অন্য মামলার আসামি সালমান ও আনিসুলের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।


