ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণ ও সড়ক উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণ করা জমির ওপর গড়ে ওঠা কাঁচা-পাকাসহ মোট ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পাঠানপাড়া ও মনোহরপুর এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সওজ সূত্রে জানা গেছে, শৈলকুপা অঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সোজা ও যান চলাচল নিরাপদ করতে সরকারিভাবে এই প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় পূর্বে অধিগ্রহণ করা জমির ওপর থাকা দোকানপাট, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা অপসারণে এ অভিযান পরিচালিত হয়। পরে উচ্ছেদ করা স্থাপনার মালামাল ঘটনাস্থলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৫ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সওজ বিভাগের কর্মকর্তারা এক্সকাভেটর দিয়ে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেন।
এ সময় সওজ’র খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণ ও সড়ক প্রশস্ত করার জন্য প্রায় ৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। আমরা ১ দশমিক শূন্য ৭ একর জমি ফাঁকা করেছি। দুটি স্থানে কাঁচা, পাকা ও আধাপাকাসহ মোট ২২টি স্থাপনা অপসারণ করা হয়েছে।’
ঝিনাইদহ সওজের সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর টাইমসকে জানান, মহাসড়কের বাঁক সরলীকরণ প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে এই সড়কে দুর্ঘটনা অনেক কমবে এবং যান চলাচলে গতি ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।
অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ সওজ’র নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


