বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে রাইলে পামারট্রির নেতৃত্বে এফবিআইর দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করেন।
আইজিপি এফবিআইর সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ ও সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করা ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব এবং প্রতারণা বন্ধে এফবিআইর সহায়তা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


