জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে মো. ছালেমানকে হত্যাচেষ্টার মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পর তাকে মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. মিজানুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক রানা রায় গত ৩১ জুলাই ইমরানকে সন্দিগ্ধ আসামি হিসেবে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন। সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩ আগস্ট দিন ধার্য করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে ইমরান হোসেনের বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো প্রয়োজন।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ২০২৪ সালের ৩ আগস্ট মোহাম্মদপুরের বছিলা বেড়িবাঁধ, বছিলা ব্রিজ, বছিলা চেকপোস্ট ও আশপাশের এলাকায় আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হামলা চালান। এলোপাতাড়ি গুলিতে বহু মানুষ আহত হন। ওই ঘটনায় মো. ছালেমান পায়ের রানে গুলিবিদ্ধ হন। পরে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩ মার্চ সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরদিন ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মানি লন্ডারিং আইনের মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।


