নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। তাদের প্রতিহত করতে রাবার বুলেট ও লাঠিচার্জের পাশাপাশি লকামান, টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় এরইমধ্যে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা। এর আগে, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে সেখান থেকে সংঘবদ্ধ হয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।

এ সময় বিক্ষুব্ধরা শুক্রবারের মধ্যেই নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। অন্যথায় যমুনার সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সরকারবিরোধী স্লোগান দিয়ে তারা অভিযোগ করেন, বারবার আশ্বাস দেওয়া হলেও এখনো প্রশাসনের পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয়নি। গেজেট প্রকাশ না করে সরকারি কর্মচারীদের ওপর অবিচার করা হয়েছে বলেও ক্ষোভ জানান তারা।


