কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ হয়ে সাগরপথে মালয়েশিয়া পাচার করার সময় নারী-শিশুসহ ২৬ জনকে উদ্ধার করার কথা জানিয়েছে কোস্ট গার্ড।
মঙ্গলবার সন্ধ্যার ৭টার দিকে কনাফের বাহারছড়ার জুম্মাপাড়া আব্দুল আলীর ঘাট সংলগ্ন এলাকা থেকে এদের উদ্ধার করা হয়।
বুধবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে কোস্ট গার্ড জানতে পারে যে, সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য নারী ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া আব্দুল আলীর ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সাম্পান বোটে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ডের বাহারছড়া আউটপোস্ট ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে পাচারকালে বোটে থাকা ২৬ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, ‘কয়েকটি সংঘবদ্ধ পাচারকারি চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে সাগরপথে পাচারের পরিকল্পনা করছিল।’
কোস্ট গার্ডের দাবি, অভিযান চলাকালিন তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের আটক করতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলছে।


