রাঙামাটিতে নেশার টাকা নিয়ে ধস্তাধস্তিতে মায়ের হাতে ছেলে খুন হয়েছে।
শনিবার দুপুরে শহরের আসামবস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাকিফুল ইসলাম (২৩) ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ নিহতের বাবা মো. রফিকুল ইসলাম ও মা রেখা বেগমকে আটক করেছে।
পুলিশ জানায়, সাকিফুল দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় চুরি ও মাদক মামলা ছিল। কিছুদিন আগে তিনি জেলও খেটেছেন। দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় মায়ের কাছে টাকা চান সাকিফুল। টাকা না দেওয়ায় বাবা-মার সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে নেশাগ্রস্ত অবস্থায় দা নিয়ে বাবা-মাকে মারতে যান সাকিফুল। এ সময় মায়ের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মায়ের হাতে থাকা দা কেড়ে নেওয়ার সময় সাকিফুলের গলায় আঘাত লাগে।
পরে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন জানান, বেশ কিছুদিন ধরে তাদের পারিবারিক কলহ চলছিল। সাকিফুল প্রায়ই বাবা-মাকে মারধর করতেন।


