ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে আলোচনা

ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে আলোচনা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ। ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য। দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব।

তার মতে, অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে দুই দেশের মধ্যে আরও সুসম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ ও ভারত।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর নিয়ে হুমায়ুন কবির বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে। দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ সব বিষয় নিয়েই আলোচনা হবে বৈঠকে।

আরও পড়ুন

এদিকে ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারকে গুরুত্ব দিয়ে জনকল্যাণমুখী সহযোগিতা জোরদারের বিষয়ে দ্বিপাক্ষিক সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া জনস্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসা সহজীকরণ, প্রযুক্তিগত অংশীদারত্ব এবং বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতাসহ নানা ক্ষেত্রে দিল্লি-ঢাকা সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে প্রণয় ভার্মা বলেন, ভৌগোলিকভাবেই ভারত-বাংলাদেশ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বন্ধুত্বপূর্ণ মনোভাব কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও যোগাযোগ আরও জোরদার করা প্রয়োজন।

পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের জনগণের মধ্যে পারস্পারিক সম্পর্ক বাড়ানোর মাধ্যমেও নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।

তিনি আরও জানান, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যতের উন্নয়নমূলক দৃষ্টিকোণ থেকে ভারত সরকার বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা যায়, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তারেক রহমানকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই ও একটি শোপিস উপহার দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad