ঢাকার আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। পরে বাপ্পি এক নারীকে জিম্মি করে সেখান থেকে পালিয়ে যায়।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার চৌধুরী প্লাজায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ‘শুটার বাপ্পি’ নামে পরিচিত ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগেও জামগড়া এলাকায় প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে তার বাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, চৌধুরী প্লাজার একটি ভবনে শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি ও তার সহযোগীরা অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাপ্পি ও তার সহযোগীরা গুলি ছোড়ে, পুলিশও তখন পাল্টা গুলি চালায়। এরপর দুপুর ১২টার দিকে এক নারীকে জিম্মি করে বাপ্পি ওই ভবন থেকে পালিয়ে যায়।
বিকালে ওসি তারিকুল ইসলাম জানান, বাপ্পির অন্য সহযোগীদের ধরতে পুলিশ এখনো ভবনটি ঘিরে রেখেছে। সেখানে অভিযান চলছে।


