জনপ্রিয় ব্যান্ড দল অ্যাশেজের বহুল প্রতীক্ষিত কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শনিবার (১৮ এপ্রিল)। কিন্তু ব্যান্ডটি ভোকালিস্ট জুনায়েদ ইভান এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, কনসার্টটি বাতিল করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইভান লেখেন, ‘১৮ এপ্রিল ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অ্যাশেজ কনসার্ট করছে না। আয়োজকরা জানিয়েছে, অ্যাশেজ এলে যে পরিমাণ মানুষ এখানে আসবে বলে তারা ধারণা করছে, কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা উন্মুক্ত কনসার্ট।’
কনসার্ট ভেন্যুর সীমিত পরিসর এবং প্রশাসনিক উদ্বেগের কথাও তুলে ধরেন তিনি। জুনায়েদ ইভান আরও লেখেন, ‘জায়গাটাও ছোট। প্রশাসন থেকেও তাই জানানো হয়েছে রাস্তায় ট্রাফিক সিস্টেমেও সমস্যা হবে।’
ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তাও দেন এই শিল্পী। তিনি লেখেন, ‘আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন্য কোথাও। কোনো উত্তাল সমুদ্র রাতে!’
প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকে শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোট ১২টি কনসার্ট করেছে অ্যাশেজ। এছাড়া আগামী জুন মাসে ইতালির রোম, ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে ব্যান্ডটির পারফর্ম করার কথা রয়েছে।


