ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্যপদ আজীবনের জন্য বাতিলের উদ্যোগ নিয়েছেন নবনির্বাচিত প্রতিনিধিরা। ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় বিষয়টি উত্থাপন করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক উম্মে ছালমা, কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য মোঃ মিফতাহুল হোসেইন আল মারুফ।
এর আগে ২০১৯ সালের ২৩ মার্চ ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভায় আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্নি শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়ার প্রস্তাব দেন। সে প্রস্তাবের ভিত্তিতে পরবর্তী সভায় ২৩ প্রতিনিধির সম্মতিতে তাকে ডাকসুর আজীবন সদস্যপদ দেওয়া হয়। তবে সেসময়ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ওই সিদ্ধান্তের বিরোধিতা করেন।
ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা টাইমস অব বাংলাদেশকে জানান, কেন্দ্রীয় সংসদে শেখ হাসিনার ‘আজীবন সদস্যপদ’ নিয়ে এখনো তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক (ফর্মাল) আলোচনা হয়নি। তবে তারা নিজেদের মধ্যে এ বিষয়ে কথা বলছেন।

কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানে “গণহত্যার মদদদাতা” শেখ হাসিনা ডাকসুর আজীবন সদস্যপদের দাবিদার নন। নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া তার ভূমিকার কারণে আলাদা পদক্ষেপ নেওয়ার বিষয়েও ডাকসু বিবেচনা করবে।’
২০২৪ সালের জুলাই বিপ্লবে পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারত আশ্রয় নেন শেখ হাসিনা ও দলটির শীর্ষ নেতা-কর্মীরা। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দাবির মুখে প্রায় ৬ বছর পর ডাকসু নির্বাচন আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৯ সেপ্টেম্বর বহুল প্রতীক্ষিত ডাকসু ভোটে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ২৮ পদের ২৩টিতে জয় পায়। গত রোববার ডাকসুর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন নবনির্বাচিত প্রতিনিধিরা।
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ‘আমরা পরের সভায় শেখ হাসিনার সদস্যপদ বাতিলের প্রসঙ্গ তুলব। সবার সম্মিলিত সিদ্ধান্তে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
ডাকসু ভবনের সংস্কারকাজ চলমান থাকায় কেন্দ্রীয় কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিনিধি জানান, ডাকসুর পরবর্তী সভার তারিখ এখনও নিশ্চিত নয়।


