অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে দেশের সাত জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন ৫৯ জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বন্যাদুর্গতদের মধ্যে নগদ অর্থ, চাল ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানায়।
তথ্যবিবরণী অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলায় বন্যায় প্লাবিত হয়েছে ৫৬টি উপজেলা, ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭৪টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা। এতে মোট ৫৯ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
বন্যাকবলিত মানুষের আশ্রয়ের জন্য ৭৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে ২৯৮ জন আশ্রয় নিয়েছেন।
মন্ত্রণালয় জানায়, ৭ জুলাই থেকে এ পর্যন্ত বন্যাসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় মোট ৫ কোটি ১৫ লাখ টাকা নগদ অর্থ এবং ৯ হাজার ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ৪ হাজার ২০০ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ সহায়তা হিসেবে ১ কোটি ২৬ লাখ টাকা ছাড় করা হয়েছে।
এর মধ্যে বন্যাকবলিত সাত জেলায় নগদ ২ কোটি ৩০ লাখ টাকা এবং ৩ হাজার ৩৫০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য ৫৭ জেলায় ২ কোটি ৮৫ লাখ টাকা আর্থিক সহায়তা ও ৫ হাজার ৭০০ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।


