খুলনায় আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার প্রধান আসামি তার বাবা মো. আলীম হোসেন আকাশকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার ডুমুরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি ও কেএমপি সদর থানা পুলিশের যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই রাতে নির্জনাকে হত্যার পর তার মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত নারী এসআই লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পরবর্তীকালে তদন্ত ও জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, পারিবারিক কলহের জেরে বাবা আলীম হোসেন আকাশ ও মা আরিফা ইয়াসমীন সীমা মেয়েকে হত্যা করেন। ঘটনার পর নিহতের মা আরিফা ইয়াসমীন সীমাকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার পর থেকেই প্রধান আসামি বাবা আলীম হোসেন আকাশ আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আকাশকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


