দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের বিরুদ্ধে দায়ের করা মামলায় তার পাঁচ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৩০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ তদন্তের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে তার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
এছাড়া তার ১০টি ব্যাংক হিসাবে প্রায় আট কোটি ৩৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়টিও তদন্তে বিবেচনায় নেওয়া হবে।
সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. রিয়াজ হোসেন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি শাহ কামালের জমা দেওয়া সব আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূল কপি জব্দ এবং সত্যায়িত অনুলিপি সরবরাহের নির্দেশ দিয়েছে আদালত।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহ কামালের বিরুদ্ধে পাঁচ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৩০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার নামে থাকা ১০টি ব্যাংক হিসাবে প্রায় আট কোটি ৩৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
আয়কর আইন অনুযায়ী এসব আয়কর নথি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হবে।


