পটুয়াখালী সদরে র্যাব সদস্যদের পিকনিকের গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২২ জন আহত হন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা নামক এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসে করে বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন র্যাব-৮ এর সদস্যরা। এ সময় কুয়াকাটা থেকে বরিশালগামী ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাস একই সড়কে বিপরীত দিক থেকে এলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বছরের একটি শিশু মারা যায়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, র্যাবের সদস্য এ এস আই আ: আলীম এবং র্যাব সদস্য এস আই প্রসেনজিতের ছেলে প্রিয়ম। আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার সময় র্যাবের গাড়িটিতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। সংঘর্ষের পর স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, ‘আমরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠিয়েছি। তার মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আহত আরও কয়েকজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে সবার নাম-পরিচয় জানা যায়নি।’
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামান্না রহমান বলেন, ‘দুর্ঘটনার পর আমাদের হাসপাতালে ২০-২২ জনকে ভর্তি করানো হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।’
পটুয়াখালী-বরগুনার র্যাব -৮এর কোম্পানী কমান্ডার স্কোয়ড্রন লিডার রাসেদ জানান, দুর্ঘটনার শিকার গাড়িতে থাকা র্যাবের সব সদস্যই আহত হয়েছেন। প্রথমে তাদেরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ১৭ জনকে সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়েছে।


