ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। শফিক সিদ্দিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার স্বামী।
মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের মামলায় তার বিরুদ্ধে ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে ২০০৮-০৯ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর সংক্রান্ত সব নথি জব্দের অনুমতি চাওয়া হয়, যা আদালত মঞ্জুর করেন।
শফিক আহমেদ সিদ্দিক ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অ্যাকাউন্টিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০০৫ সাল পর্যন্ত এই বিভাগেই অধ্যাপক হিসেব কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ব্রুনেই বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও তিনি।
এসবের পাশাপাশি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন শফিক সিদ্দিক।


