লিটন দাসের এখন থাকার কথা ছিল কলকাতায়। কিন্তু বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আজ বিশ্রাম নিচ্ছেন অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তার দল ধুমকেতুর ম্যাচ না থাকায়। বিশ্বকাপের মৌসুমে লিটন আর তার দল কেন বাংলাদেশে? উত্তরটা অজানা নয় কারো। নিরাপত্তা শঙ্কায় সরকারি নির্দেশে ভারতে যায়নি বাংলাদেশ, খেলা হচ্ছে না তাই শনিবার শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরেও।
২০০৭ সালের এই ফরম্যাটের বিশ্বকাপ শুরু হওয়ার পর একটি আসরেও অনুপস্থিত ছিল না বাংলাদেশ। এবার দেখা যাচ্ছে সেই অভূতপূর্ব দৃশ্য। কলম্বোতে উদ্বোধনী ম্যাচে নেমেছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। ম্যাচ শুরুর আগে ২০ দলের পতাকা নিয়ে আয়োজনের অংশ হিসেবে মাঠে ঢুকেছে শিশু-কিশোররা, যেখানে ছিল না বাংলাদেশের লাল-সবুজ। এই ছোট্ট দৃশ্যটাই বলে দিচ্ছে বাংলাদেশের না থাকার গল্প।
দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। অথচ এই স্কটল্যান্ড বিশ্বকাপে সুযোগ পেয়েছে বাংলাদেশের বদলি হিসেবে। সবকিছু ঠিকঠাক থাকলে বিকেল ৩টায় টস করতে নামতেন লিটন, কিন্তু নিরাপত্তা শঙ্কা, আইসিসির সাথে বিসিবির দফায় দফায় বৈঠক আলোচনার পর বদলে গেছে তাদের বিশ্বকাপ ভাগ্য।
ভারতের বাইরে ভেন্যু সরিয়ে নিতে বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি। বিসিবিও ছিল তাদের দাবিতে অনড়। তাই এবারের ২০ ওভারের বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হচ্ছে বাংলাদেশকে।


