চট্টগ্রামের রাউজানে দিনেদুপুরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে রাউজানের মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকালে অজ্ঞাত দুর্বৃত্তরা আবদুল হাকিমকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। তিনি হামিম এগ্রো নামে একটি গরুর খামারের মালিক ছিলেন।
দীর্ঘদিন ধরেই তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবেও এলাকায় তার পরিচিতি রয়েছে। তবে দলে তার কোনো আনুষ্ঠানিক পদ ছিল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
গুলির পর ঘটনাস্থলেই পড়ে ছিল তার ব্যবহৃত গাড়িটি। তবে এই হত্যার কারণ বা জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো জানা
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।


