ভারতের পরীক্ষাব্যবস্থা সংস্কারের জন্য নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। খবর রয়টার্স ও হিন্দুস্তান টাইমসের।
ভিডিও বার্তায় মোদি বলেন, ভারতের পরীক্ষাব্যবস্থা হতে হবে নির্ভরযোগ্য ও স্বচ্ছ। একই সঙ্গে এতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পরীক্ষায় অনিয়মসংক্রান্ত মামলার দ্রুত বিচার করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা আগেই দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি বিলও সংসদে আনতে যাচ্ছে সরকার।
মোদি আরও বলেন, শুধু বর্তমান সংকট মোকাবিলা নয়, বরং ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষাব্যবস্থার সার্বিক সংস্কারের লক্ষ্যে এই টাস্কফোর্স গঠন করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার সোমবার সংসদে একটি বিল উত্থাপন করবে। এতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষী ব্যক্তিদের জন্য আরও কঠোর শাস্তি এবং সর্বোচ্চ ১০ কোটি রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
ভারতে নতুন গঠিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গত শনিবার পদত্যাগ করেন। এ ঘটনার একদিন পর মোদির টাস্কফোর্স গঠনের ঘোষণা এল। তবে ৩০ সেকেন্ডের ভিডিও বার্তায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করেননি মোদি।
সরকারি সূত্রের তথ্যমতে, পরীক্ষাব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত এই টাস্কফোর্সে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ব্যক্তিরা থাকবেন। বিশেষ করে প্রযুক্তিনির্ভর সংস্কার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) পরীক্ষাপদ্ধতিতে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করবেন তারা।
টাস্কফোর্সে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) সাবেক পরিচালক তপন ডেকা, ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান (আইআইটি) মাদ্রাজের পরিচালক ভি কামাকোটি, সাবেক শিক্ষাসচিব অনিতা কারওয়াল এবং সরবরাহ ব্যবস্থাপনাবিশেষজ্ঞ অমৃত লাল মিনাসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা রয়েছেন।
টাস্কফোর্সের প্রধান নিলেকানি ভারতের শীর্ষ তথ্যপ্রযুক্তি (আইটি) প্রতিষ্ঠান ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা এবং ভারতের আধার ডিজিটাল পরিচয়ব্যবস্থার অন্যতম রূপকার হিসেবে পরিচিত।
এদিকে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর গতকাল সিজেপি আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। সরকার পরীক্ষাব্যবস্থা সংস্কার, বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিও মেনে নিয়েছে বলে জানিয়েছে নতুন গঠিত দলটি।
ভারতে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সরকারের ইতিহাসে এই প্রথম কোনো কেন্দ্রীয় মন্ত্রী বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রহ্লাদ যোশীকে নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগে থেকে কেন্দ্রীয় ভোক্তাবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
নয়াদিল্লির কেন্দ্রীয় প্রশাসনিক ভবন ‘কর্তব্য ভবনে’ আজ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন প্রহ্লাদ যোশী। পরে তিনি স্কুলশিক্ষা বিভাগ ও উচ্চশিক্ষা বিভাগের বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।


