ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার সকাল সোয়া ৯টার দিকে টেকেরহাট মহাসড়কের আড়ুয়াকান্দি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামের ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা (৪০) ও আলমগীর শেখ (৪২)।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আহত যাত্রীদের উদ্ধারে অভিযান পরিচালনা করেন। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিগঞ্জ এলাকা থেকে বাঙ্গি ফলভর্তি একটি পিকআপ ভাঙ্গা উপজেলার আরুয়াকান্দি মাঠসংলগ্ন সেতু পার হওয়ার সময় বিপরীত দিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা শাহ ফরিদ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে পিকআপ গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং শাহ ফরিদ পরিবহনের বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। এতে ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত প্রায় ২৫ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।


