প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। শনাক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।
খালিদ হোসেন বলেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে, আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি যে তাদের কিছু ছবি এবং পরিচয় আমরা এরই মধ্যে শনাক্ত করতে পেরেছি। আমরা তাদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’
‘কোনো প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া বা মানুষ পুড়িয়ে হত্যা করা কখনোই কাম্য নয় সরকার এই ধরনের অন্যায় ও গর্হিত কাজ বন্ধ করতে এবং অপরাধীদের শাস্তি দিতে বদ্ধপরিকর।’
এর আগে গত গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর এলে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়সহ বেশকিছু স্থানে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এসময় কারওয়ান বাজারের প্রথম আলো ও ফার্মগেটে ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।
একই রাতে হামলা চালানো হয় ধানমন্ডির ছায়ানট ভবনেও।
ছায়ানট ভবনে হামলার বিষয়ে ধর্ম উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
জবাবে তিনি বলেন, ‘কোনো প্রতিষ্ঠান কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এটাকে অন্যায় ও গর্হিত কাজ বলে বিবেচনা করি।’
এসময় ময়মনসিংহের ভালুকায় পোশাককর্মী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়েও কথা বলেন তিনি।
এ ঘটনাকে ‘অত্যন্ত নিন্দনীয়’ উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘সরকার কোনোভাবে আইন হাতে নিতে দেবে না।’


