ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপু দাসকে পিটিয়ে ও লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন দিয়ে শিশু আয়েশা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মৌন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা।
রোববার বিকালে জগন্নাথ হল থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে মল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়।

মিছিলের পর আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে জগন্নাথ হলের সংসদের সহসভাপতি (ভিপি) পল্লব বর্মন জানান, প্রতিটি ধর্ম শান্তির বার্তা দেয়। অথচ কিছু উগ্রবাদী গোষ্ঠী ধর্ম অবমাননার নাটক সাজিয়ে মানুষ হত্যা করছে। ধর্ম অবমাননার নামে মব তৈরি করা এখন বাংলাদেশের একটি কালচারে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এটি বন্ধ না হলে সমাজ আরও সহিংস হয়ে উঠবে।

সমাবেশে পল্লব বর্মন দীপু হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নিহত দিপুর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার শিকার শিশু আয়েশার হত্যার সুষ্ঠু বিচারেরও দাবি করেন তিনি।


