রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তারকা ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়িবহর ছোট দুর্ঘটনার কবলে পড়লেও তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুই অতিথি এবং তাদের প্রতিনিধিদলের সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।
নির্ধারিত সফর শেষে বৃহস্পতিবার রাতেই তারা কক্সবাজার ত্যাগ করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এদিন রাত ৮টা ২ মিনিটে তুরস্কের ১৩ সদস্যের প্রতিনিধি দলকে বহনকারী বিশেষ বিমান কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, মূলত মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দলকে নিরাপত্তা দেওয়া পুলিশের গাড়ির সঙ্গে একটি ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষ হয়। এতে রিকশার চালক কিছুটা আহত হলেও অতিথিদের সবাই সুস্থ আছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে।
তবে বহরের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রতিনিধি দলের সফরসূচি স্বাভাবিকভাবে শেষ হয়।


